লক্ষ্মীপুর প্রতিনিধি : যারা শিশু হত্যার মতো জগন্যতম অপরাধ করে, তারা দেশ ও জাতির দুষমন, ঘাতক ও দেশের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একেএম শাহাজাহান কামাল এমপি।
শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের নছির আহাম্মদ ভূইয়া মিলনায়তনে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, ‘গত ৬ মাসে দেশের বিভিন্ন স্থানে বেশি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পার্লামেন্টেও আলোচনা হয়েছে। রাষ্ট্রপ্রতিকে অবগত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও এতে ক্ষোভ প্রকাশ করছেন। বর্তমান সরকার এসব ঘাতক-খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।’ তবে তিনি প্রস্তাব করে বলেন, ‘শিশু হত্যার মতো জগন্যতম অপরাধীদের বিশেষ ট্রাইবুন্যালের মাধ্যমে বিচার করা উচিত।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসার রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দেলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণী করা হয়। এ সময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাকসহ সমাজের গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

