নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন শাহজাহান।
এর আগে বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার পক্ষে তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বুধবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

