নোয়াখালী প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিকে ১১৪ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলে বাধা দেয়ার অভিযোগকে ভিত্তিহীন বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি নিজেরাই নিজেদের বড় বাধা হয়েছে।’ তাই অন্ধকারে ঢিল না ছুঁড়ে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দেয়ার পরামর্শও দেন তিনি।
শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ ইন্ডাস্ট্রিজের উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।
মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘৭৩৮ ইউনিয়নে নির্বাচন হচ্ছে। বাধা পেলে অন্যান্য ইউপিতে কীভাবে নির্বাচন করছে বিএনপি? আর আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী তাদের বাধা দিলে তার বিরুদ্ধে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন- বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম, গ্লোব ফার্মাসিটিউক্যালসের চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদ প্রশাসক ডা. জাফর উল্যাহ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলে বাধা, নেতাকর্মীদের বাড়িঘর ও চলাচলের ওপর উপুর্যপরি হামলা এবং চেয়ারম্যান প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রাণনাশের হুমকি দিচ্ছে।

