নিজস্ব প্রতিবেদক : স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রভাবে আমাদের শিশুরা হিন্দিসহ বিকৃতভাষায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। বাড়ছে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর বিজাতীয় আগ্রাসন। যেভাবেই হোক এ আগ্রাসন রোধ করতে হবে আমাদের। সেই সঙ্গে ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের আলোকে রক্তমূল্যে অর্জিত বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনটির সদস্য সচিব ড. আহমদ আবদুল কাদের এ কথা বলেন।
আবদুল কাদের বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার জন্য এদেশের মানুষের জীবন দান বিশ্বের এক অনন্য ইতিহাস। কিন্তু উদ্বেগের বিষয়, ডিস চ্যানেলসহ বিভিন্ন কারণে আমাদের শিশুরা হিন্দিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘পৃথিবীতে ভাষার অধিকার রক্ষার জন্যে জীবনদানের একমাত্র ঘটনা ২১ ফেব্রুয়ারি। রক্তমূল্যে পাওয়া এই বাংলা ভাষার উপর যে বিজাতীয় আগ্রাসন শুরু হয়েছে তা রোধ করতে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা এখন আমাদের বড় দায়িত্ব। যেভাবেই হোক ইতিহাস, ঐহিত্য ও মূল্যবোধের আলোকে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে।’
সংগঠনের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগরের সভাপতিত্বে আলাচনা সভায় আরো বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু, কবি শামসুল করিম খোকন, ইলিয়াস আহমদ প্রমুখ।

