নিজস্ব প্রতিবেদক : ২০০৭ সালে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপানোর অভিযোগে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে দায় স্বীকার করে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ছাত্রফ্রন্ট গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, ‘শুধু ভুল স্বীকার করলেই হবে না, মাহফুজ আনামসহ যারা এই গর্হিত ও উদ্দেশ্যপ্রণোদিত কাজটি করেছেন তাদের উচিৎ হবে দায় স্বীকার করে পদত্যাগ করা।’
তিনি আরও বলেন, ‘ডেইলি স্টারে প্রকাশিত সে মিথ্যা সংবাদটি জননেত্রী শেখ হাসিনাকে তৎকালীন সেনা সমর্থিত সরকারের করা মিথ্যা মামলায় গ্রেপ্তারের পটভূমি তৈরির উদ্দেশ্যেই করা হয়েছিল।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে। ব্রিটেনে একটি ভুল সংবাদ ছাপানোর জন্য প্রায় ১১০ বছরের পুরোনো পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। বিবিসি (BBC) এর মতো এতো বড় একটি শক্তিশালী সংবাদমাধ্যমে একজন ব্রিটিশ মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের কারণে ওই সংবাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন সবাইকে পদত্যাগ করতে হয়েছিল। তাই আমি মাহফুজ আনামসহ যারা এ মিথ্যা সংবাদটি প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রতি আহ্বান জানাবো- আপনারা আপনাদের দায় স্বীকার করে পদত্যাগ করুন।’
গণমাধ্যমের যেমন স্বাধীনতা প্রয়োজন ঠিক তেমনি কোনো মিথ্যা কিংবা ভুল সংবাদের কারণে যেন সমাজের কোনো ব্যক্তির সম্মানহানি অথবা হয়রানি না ঘটে সে দিকেও গণমাধ্যমের লক্ষ্য রাখা প্রয়োজন বলে মনে করেন হাছান মাহমুদ।
সরকার বিএনপিকে সম্মেলনের জন্য কোনো জায়গা দিচ্ছে না- বিএনপি চেয়ারপারসনের এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সরকার বিএনপিকে কাউন্সিলের জন্য ঢাকা শহরের সবচেয়ে বড় জায়গা সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দিয়েছে। কিন্তু এরপরও বেগম জিয়া এ অভিযোগ করছেন। আসলে বেগম জিয়া আদৌ তার দলের কাউন্সিল চান কি না তা নিয়ে আমি সন্দিহান। কারণ তিনি (খালেদা জিয়া) ভয়ে আছেন দলের নেতা-কর্মীরা যদি কাউন্সিলে তার এবং তারেক রহমানের ওপরে অনাস্থা প্রকাশ করে, যদি তাদের সরিয়ে দিতে চায়।এ কারণেই সম্মেলনের জায়গা নিয়ে খালেদা জিয়া সরকারের প্রতি এমন অভিযোগ তুলছেন। প্রকৃতপক্ষে বিএনপি চাইলে সরকার কেন আমরাও (আওয়ামী লীগ) বিএনপিকে তাদের সম্মেলন সফল করতে সহায়তা করবো।’
ইউনাইটেড ইসলামী পার্টির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর আখাতারুজ্জামানসহ সংগঠনটির অন্য নেতারা।

