নিজস্ব প্রতিবেদক : ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরকে বাঁধভাঙা প্লাবনের মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
তিনি বলেন, ‘মাহফুজ আনামের বিরুদ্ধে যেভাবে মামলা দায়ের অব্যাহত আছে, তা শাসক দলের অসুস্থ মানসিকতার উৎকট প্রকাশ ছাড়া কিছুই না।’
শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ বাসদের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় খালেকুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ ধরনের তৎপরতা সামগ্রিকভাবে দেশের নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার হরণের সামিল। এটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ।’
এসময় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে নাগরিকের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সমুন্নত রাখা এবং হয়রানি বন্ধের দাবিতে সোচ্চার হওয়ার জন্য সব বাম-প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তি ও মহলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন প্রমুখ।

