নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের রাতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে ব্যালট বাক্স ভরে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেছেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে কী হবে তা আমরা জানি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের আগের রাতেই প্রশাসনকে ব্যবহার করে ব্যালট বাক্স ভরে ফেলবে। কিন্তু তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি। এই নিবাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই। জনগণ আরো ভালো করে দেখুক, এদের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না। এর মাধ্যমে বিএনপির অভিযোগ আবারো প্রমাণিত হবে।’
মির্জা ফখরুল ইসলাম ইউপি নির্বাচনে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
গাজীপুর সিটি কর্পোরেশনের (বরখাস্তকৃত) মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে ‘অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন এতে সভাপতিত্ব করেন।

