নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে এ দেশে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, খালদা জিয়া পাকিস্তানের সার্থ রক্ষার জন্যই বাংলাদেশে রাজনীতি করছেন। বাংলাদেশের যখন উন্নয়ন হচ্ছে, দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশকে ধ্বংস করার জন্য; বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করতেই খালেদা জিয়াসহ অন্যান্য অপশক্তি আজ তৎপর।
সোমবার বিকেলে ধানমন্ডির রাসেল স্কয়ারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘অকার্যকর, ব্যর্থ, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের অব্যাহত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও আইএসআইয়ের এদেশীয় দোসর স্বাধীনতা বিরোধী খালেদা জিয়ার মিলিত অপকর্মের প্রতিবাদে’ মানব্বন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এই অপশক্তি স্বাধীনতাকে স্বীকার করতে চায় না। ৩০ লাখ শহীদদের কথা তারা স্বীকার করতে চায় না; ৭১ এর সত্যি ঘটনাগুলোকে স্বীকার করতে চায় না। তারা মুক্তিযোদ্ধাদের অপমান করে। তাই স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
তিনি বলেন, যখন ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা হচ্ছে, ঠিক সেই সময়ে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের নিয়ে বিতর্কের ষড়যন্ত্র করছে। তিনি পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন।
এসব অপশক্তির বিরুদ্ধে দেশের যুবসমাজকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহবান জানান তিনি।
মানব্বন্ধনে বক্তারা শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিকত্ব বাতিলের দাবি জানান।
রাসেল স্কয়ারের মানব্বন্ধনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, সাবেক ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

