নিজস্ব প্রতিবেদক : একটি কুচক্রিমহল এক-এগারো থেকে বাংলাদেশকে বি-রাজনীতিকীকরণের চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি।
১/১১ স্টাইলে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে আপনাকে (ফখরুল) ইঙ্গিত করে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে। ব্যাপারটিকে কিভাবে দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি কুচক্রিমহল বেশ কিছুদিন ধরে বিশেষ করে এক-এগারো থেকেই বাংলাদেশকে বি-রাজনীতিকীকরণের একটা চেষ্টা করে আসছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, রাজনীতির যে চর্চা ও রাজনৈতিক দলগুলো যেন এখানে টোটালি ফাংশন (কাজ) করতে না পারে, সে চেষ্টা করা। আরেকটা চেষ্টা আছে, সত্যিকারের যারা রাজনৈতিক নেতা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা-বার্তা বলে রাজনীতিকে আরো কলুষিত করা।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি কুচক্রিমহল এ চেষ্টা করছে। বিএনপির ব্যাপারে এ চেষ্টাটা আরো বেশি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র নেতাদের কিভাবে দূরত্ব সুষ্টি করা যায়, তার জন্য কিছু কিছু কল্পকাহিনী তৈরি করে প্রচার করা হচ্ছে। আমরা সেসব নিয়ে খুব বেশি চিন্তিত নই। বিএনপি সম্পর্কে এটা বরাবরই করে আসা হচ্ছে।’
তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বিশেষ করে পত্রিকার কাটতির জন্য আপনারা (গণমাধ্যম) এগুলো (সংবাদ) বড় বড় করে ছাপছেন।’
বিএনপির এ মুখপাত্র বলেন, ‘গণতন্ত্রকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব রয়েছে। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মিডিয়ার, যেটা সর্বজনস্বীকৃত। এক্ষেত্রে সেই মিডিয়া ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা। আমরা এটাও প্রত্যাশা করি যে, গণতন্ত্রকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, দেশে যারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আনতে চায়, যারা সুষ্ঠু রাজনীতি করতে চায়, রাজনীতিকে সামনে আনতে চায়; তাদের ব্যাপারে ও সেই রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা দরকার। সেভাবেই কাজ করা উচিত। এটা সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।’
তিনি বলেন, ‘আজকে দেশে সঙ্কট রয়েছে। সেটা গণতন্ত্রের সঙ্কট, মৌলিক অধিকারের সঙ্কট। এটাকে ফোকাস করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর আক্রমণ হয়েছে। কালকে আরেকজনের ওপরে হবে। ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। এটাই ফ্যাসিবাদের নিয়ম। একটার পর একটা আক্রমণ হচ্ছে, কেউ ছাড়া পাবে না।’
এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেশে ত্রাস ও ভয়ের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক লোক থাকবেই যারা সরকারের সঙ্গে কাজ করবে। গণতান্ত্রিক শক্তিগুলো যাতে দুর্বল হয়ে পড়ে সেজন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করবে। তবে এটা খুব বড় ব্যাপার না। অতীতেও এমন হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এটা টোটালি আনইথিক্যাল (অনৈতিক)। যারা এটা লিখছেন, তারাই বা কেন লিখছেন? যাদের বিরুদ্ধ লেখা হচ্ছে তাদের সঙ্গে কথা না বলে, তাদের মতামত না নিয়ে এটা করা হচ্ছে। এটা আমি বুঝি না। এটা কোন ধরনের সাংবাদিকতা সে সম্পর্কেও আমার ধারণা নেই। এ ধরনের নিউজ করে কাকে সহায়তা করা হচ্ছে? সহায়তা করা হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধের শক্তিকে। একটি দলের অভ্যন্তরীণ সো-কলড (তথাকথিত) সমস্যাগুলো নিয়ে, যেটির কোনো ভিত্তিই নেই, এ রকম প্রতিবেদন করা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক।’
মতবিনিময়কালে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

