নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে সংঘাত সৃষ্টির উদ্দেশ্যেই কি ছাত্রদলের এমন কমিটি ঘোষণা?’
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে রাজনৈতিক যোগাযোগবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি, দলের গঠনতন্ত্র, ইতিহাস, সাফল্য, নির্বাচনী ক্যাম্পেইন সংশ্লিষ্ট এ কর্মশালার আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, ছাত্রদলের কমিটি প্রায় ৮০০ সদস্যের। এই কমিটিতে শুধু ছাত্র না, ছাত্রের বাবারাও স্থান পেয়েছে! ছাত্রলীগের নেতারাও নাকি স্থান পেয়েছে! আর এ কমিটি ঘোষণার পর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তাহলে সংঘাত সৃষ্টিই কি তাদের উদ্দেশ্য?’
এখনকার রাজনৈতিক অনেক নেতাকে দেখলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়, দূর থেকে গালি দেয়। এমন অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘ভালো নেতৃত্ব ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব হবে না। তাই নেতাদের মধ্যে অতীতের ন্যায় রাজনীতিক ব্রত ফিরিয়ে আনতে প্রশিক্ষণ দিতে হবে। আগে নেতাদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা- ভক্তি ছিল। তাদের আদর আপ্যায়ন করতেন। সাধারণ মানুষ তাদের সম্মান করতেন।’
হাছান আরো বলেন, ‘পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যখন যাই ঘটুক না কেন, মুহূর্তের মধ্যে তা বিশ্ব জানতে পারে। তাই আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চার প্রয়োজন।’
যারা ভঙ্য়কর, যারা দেশে বিভীষিকার সৃষ্টি করছে তাদের একটু বেশি করে প্রশিক্ষণের দরকার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক।
কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের ডেপুটি চিফ অফ পার্টি কেটি ক্রোক, আওয়ামী লীগের সহ-সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি প্রমুখ।

