ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রাজনীতিতে এখন চোর-সন্ত্রাসীর আধিপত্য’

Link Copied!

AQM Bনিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, রাজনীতিতে এখন চোর ও সন্ত্রাসীদের আধিপত্য। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সৎ মানুষের রাজনীতির কোনো বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে নাটোর জেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে বি চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সাম্প্রতিক সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনও অবাধ-সুষ্ঠু হয়নি। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিবিঘ্ন হতে দিন।’
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির মতামতের উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সংবাদ সম্মেলন করা নজিরবিহীন।’
জনগণের বিরুদ্ধে পুলিশ নির্যাতন করছে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশ একজন চা দোকানিকে পুড়িয়ে মেরেছে। সরকারের জন্য এটা লজ্জার বিষয় যে, তারা পুলিশ বাহিনীকে রক্ষা করতে পারছে না।’
এর আগে নাটোর সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্রদল নেতা মো. রকিবউদ্দিন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এম এ সামাদ, বিএনপি নেতা প্রদীপ কুমার সরকার এবং নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা শামীম হোসেনের নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতা কর্মী বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেন। নাটোরের নেতারা দেড় হাজার নেতা-কর্মীর স্বাক্ষরিত বিকল্পধারার সদস্যফরম বি. চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
বি চৌধুরী সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেয়ার জন্য দলে সদ্য যোগদানকারীসহ বিকল্পধারার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ বাদল, মাহফুজুর রহমান, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।