নিজস্ব প্রতিবেদক : বর্তমান নির্বাচন কমিশনের লজ্জা ঢাকার সুতোও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন লজ্জা ঢাকার শেষ সুতোটুকুও বিসর্জন দিয়ে সরকারের ইচ্ছ পূরণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
স্বাধীন সাংবিধানিক নির্বাচন কমিশনের যে মর্যাদা ছিল তার প্রাচীরও বর্তমান কমিশন ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
নির্বাচন কমিশনারদের ‘হায়া-শরমহীন’ উল্লেখ করে রিজভী বলেন, ‘তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ উত্থাপিত হলেও তারা বেহায়ার মতো আচরণ করছেন। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারবৃন্দের যদি ন্যূনতম হায়া-শরম থাকত, তা হলে তারা অনেক আগেই পদত্যাগ করতেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘মানুষের অধিকার শব্দটিকে শেখ হাসিনা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না। মূলত তিনি জনমতকেই রাষ্ট্রীয় শক্তির জোরে হুমকি দিয়ে সাসপেন্ড করে রেখেছেন। দেশবাসীর প্রতি প্রতিনিয়ত এই হুমকির অর্থ হচ্ছে, একদলীয় দুঃশাসন প্রলম্বিত করার স্বপ্নযাত্রা।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

