নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী সম্রাজ্যবাদীদের দাপটে তৃতীয় বিশ্বের দেশগুলোর জাতীয় জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখিন হচ্ছে বলে মনে করছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এমন দাবি করেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইন বলেন, ‘দেশের কৃষকদের ৯ হাজার টাকা করে কৃষি ঋণ দেয়া হয়। ফসলের ন্যায্য মূল না পাওয়ায় কৃষক সেই ঋণ শোধ করতে পারে না। তখন তার কোমড়ে দড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। অথচ দেশে লাখ লাখ রুগ্ন শিল্প-কারখানার মালিকেরা বারবার ঋণ নিয়ে ঋণখেলাপী করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না।’ এসব ব্যবসায়ীসহ বুদ্ধিজীবী, শিক্ষক, আমলা ও চাকরিজীবী সবাই সরকারের ‘দালালি’ করে বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল বলেন, ‘বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের নাই। যারা রাষ্ট্র চালায়, পণ্য আমদানি করে এবং মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারাই বাজার নিয়ন্ত্রণ করে। ফলে একজন কৃষক যে দামে তার উৎপাদিত ফসল বিক্রি করে পরবর্তীতে সেই দামে ফসল কিনতেও পারে না। তারা না খেয়ে মরে।’
তিনি আরো বলেন, ‘আমাদের ভাইয়েরা বিদেশে পরিশ্রম করে দেশে টাকা পাঠায় তার পরিবারের জন্য। তার পরিশ্রমের টাকায় জিডিপি মোটা-তাজা হয়। আর সরকার সেই ক্রেডিট নিয়ে বলে- আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। তারা (সরকার) হিসাব বোঝে না, তাই তাদের ধিক।’
সংগঠনের সভাপতি ডা. এমএ করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি হাবীবুল্লা বাচ্চু প্রমুখ।

