জয়পুরহাট প্রতিনিধি : বিএনপিকে জঙ্গি উৎপাদনের কারখানা বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। তিনি বলেন, বিএনপি যেদিন জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধীর সঙ্গে হাত মিলিয়েছে, যেদিন মানুষ পুড়িয়েছে, সে দিন গণতন্ত্রের ঘর ছেড়েছে। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জয়পুরহাট জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।
ইনু বলেন, ব্রিএনপি রাজনীতির ভাগাড়। এই ভাগাড় বুকে নিয়ে গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা হয় না। বাংলাদেশকে যদি সামনে এগুতে হয়, তাহলে আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার বিএনপি এবং জামায়াতকে রাজনীতির ময়দান থেকে বিদায় জানাতে হবে। তবেই কেবল বাংলাদেশ আরও এক ধাপ উঠতে পারবে।
জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম মাঠে জয়পুরহাট জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, কেন্দ্রের জনসংযোগ সম্পাদক শফিউদ্দিন মোল্লা প্রমুখ।

