নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চাইলে সরকার তাদের সম্মেলনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কারণ বর্তমান সরকার সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন এ সরকার সবসময়ই সকল রাজনৈতিক দলের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অংশগ্রহণে বিশ্বাসী।’
‘সরকার বিএনপির সম্মেলন পণ্ড করতে চাইছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সম্মেলন পণ্ড করার জন্য বিএনপি নেতারাই যথেষ্ট। কারণ যেদলে নেতারা কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে মারামারি করে, যারা আসল-নকল নিয়ে মারামারি করে তাদের (বিএনপি) সম্মেলন পণ্ড করার জন্য তারা নিজেরাই যথেষ্ট।’
বিএনপির সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ‘যে দলে কলমের খোচায় নেতা বানানো হয়, আবার কলমের খোচায় দল থেকে বহিষ্কার হয়, যে দলের চেয়ারপারসন নিজেই জানেন না তার কজন উপদেষ্টা, সে দলের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের সাধুবাদ জানাই।’
বিএনপি নেত্রীকে হরর ছবির নায়িকা উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) হাতে পোড়া মানুষের গন্ধ, মানুষের রক্ত লেগে আছে। জনগণ আশা করে বিএনপির নেতাকর্মীরা তাদের আসন্ন সম্মেলনে যে নেতৃত্বের হাতে মানুষের রক্ত লেগে আছে তাদের সরিয়ে দেবে এবং যুদ্ধাপরাধীদের সংশ্রব ত্যাগ করবে।’
উপস্থিত হকার্স লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করে। আশা করি ঢাকার দুই সিটি করপোরেশন হকারদের নির্দিষ্ট ও খোলা জায়গায় ব্যবসা করার সুযোগ করে দেবে।’
সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মীরা এসময় সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

