নিজস্ব প্রতিবেদক : নেতৃত্বে আনার পাশাপাশি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির (জাপা) মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান এক আদেশে কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় পার্টির (জাপা) মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।’
উল্লেখ্য, এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে একক সিদ্ধান্তে দলের মহাসচিব ঘোষণার পর থেকেই এরশাদ-রওশন দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
আর সে কারণেই গতকাল রোববারের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ আটজন সভায় অংশ নেননি। এরা সবাই এরশাদের প্রতিদ্বন্দ্বী রওশনপন্থি হিসেবেই পরিচিত।

