নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামকে নিয়ন্ত্রণের সর্বগ্রাসী চক্রান্ত চলছে। তবে ইসলাম নিয়ন্ত্রণের অযাচিত হস্তক্ষেপ কারো কাম্য নয়। বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে আজান ও ধর্মীয় মাহফিলকে শব্দ দূষণ হিসেবে চিহ্নিত করার অপরিণামদর্শী খেলায় মেতে উঠলে ইসলামপ্রিয় জনতা তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।
রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে থানা দায়িত্বশীলদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম।
কর্মশালায় কওমী মাদরাসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিরা সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার চালাচ্ছেন এমন অভিযোগ করে তা বন্ধের আহ্বান জানান ফয়জুল করিম।

