নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মেজো খালা এবং সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম নজিরউদ্দিন সরকারের সহধর্মিণী বেগম রাহাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বেগম রাহাতুন্নেসা শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর রানীনগরের সাধুর মোড়ের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার সকালে গণমাধ্যমে দেয়া এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, ‘বেগম রাহাতুন্নেসার মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।’
তিনি আরও বলেন, ‘বেগম রাহাতুন্নেসা তার সন্তানদের গভীর মাতৃস্নেহে সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি এলাকায় একজন পরহেজগার, ধর্মপ্রাণ ও দানশীল রমণী হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। পরিবারের সদস্যরা প্রধান অভিভাবকের মৃত্যুতে যেন শোক সংবরণ করতে পারেন সেজন্য আমি মহান আল্লাহর দরবারে মোনাজাত করছি।’
বাণীতে খালেদা জিয়া মরহুমা বেগম রাহাতুন্নেসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
এদিকে, এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম রাহাতুন্নেসাকে ‘পর্দানশীন ও আল্লাহওয়ালা মহিলা’ হিসেবে আখ্যায়িত করে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

