লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুন্দর দেখতে কে না চায়? ব্যক্তি সৌন্দর্য ও ব্যক্তিত্ব অনেকটা নির্ভর করে পোশাক-আশাকে।
নিজস্বতা বজায় রেখে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সবাইকে সুন্দর করে তোলার জন্য পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক জিনিসেও দরকার ব্যক্তিত্বর সঙ্গে যায় এমন কিছু। পোশাক-আশাক এর পরে ফ্যাশনে নজরদারি চলে, হাতে রাখা মানানসই ব্যাগে।
এমন একটা সময় ছিল যখন পোশাক-আশাকের সঙ্গে মিলিয়ে হাতে বহন করা হতো ব্যাগ। সেই ট্রেন্ড ছাপিয়ে এখন ম্যাচিং না করাটাও হাল ফ্যাশনে জায়গা করে নিয়েছে। ব্যাগ বাছাইয়ের বাঁধাধরা কোনো নিয়ম তো আর মানা হচ্ছে না। ইচ্ছেমতো রং বা আকারের ব্যাগ ব্যবহারের চল এখন। কেননা পোশাকটা সাদামাটা হলেও নজর কাড়বে হয়তো ব্যাগটাই। রঙের বাহার যেমন আছে, তেমনি নানা রকম প্রিন্ট বা নকশারও কমতি নেই।
চলছে বড় ব্যাগ। আবার ছোট ক্লাচ ট্রেন্ড এ সময়ে। মাঝারি ব্যাগও শোভা পাচ্ছে অনেকের হাতে। বড়, ছোট বা মাঝারি সব ধরনের ব্যাগের চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে।
শপিংমলগুলোতে দেখা গেছে, ধরনটা যেমনই হোক না কেন ব্যাগের নকশায় বা আকারে থাকছে নানা বৈচিত্র্য। কোনো ব্যাগ হচ্ছে ত্রিভুজ আকারের বা গোলাকার। কোনোটিতে আছে চৌকোনার নানা ধরন। টোটি, ন্যাপস্যাক, মেসেঞ্জার নামে পরিচিত এই ব্যাগগুলোতে থাকছে উজ্জ্বল রঙের ব্যবহার। ছোট ক্লাচ ব্যাগগুলোতেও পাথর আর পুঁতির ব্যবহারে আনা হচ্ছে আভিজাত্যের ছোঁয়া। পুরো ব্যাগে না হলেও অ্যানিম্যাল প্রিন্টের ব্যবহারও চোখে পড়ছে।
বড় ও মাঝারি আকৃতির টোটি ব্যাগগুলোই এখনকার ট্রেন্ড। এই ধরনের ব্যাগের আকার ও নকশার বৈচিত্র্যের কারণে শুধু কাজের জায়গায় নয়, বিভিন্ন উৎসব আমন্ত্রণে এমন ব্যাগ বেছে নিচ্ছেন অনেকেই।
ব্যাগের হাতল ছোট, বড় নানা আকারের হচ্ছে। এছাড়া ম্যাজেন্টা, হলুদ, গোলাপি, নীল, কালো, সবুজ, কমলা সব রঙই চলছে বেশ। জুতার রঙের সঙ্গে কালার ব্লক করানো ব্যাগগুলোও এখন বেশ জনপ্রিয়।
নিমন্ত্রণে বা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, উপলক্ষটা যা-ই হোক না কেন স্ট্রাকচারড ব্যাগগুলো মানিয়ে যাবে সব পরিবেশে। শাড়ির সঙ্গে যেমন মানাবে, তেমনি পশ্চিমা পোশাকেও ভালো লাগবে এই ব্যাগগুলো। এদিকে অফিস শেষে হয়তো ছুটতে হবে কোনো পার্টিতে, সেক্ষেত্রে বেছে নিতে পারেন এনভেলপ আকারের ক্লাচ ব্যাগগুলো। এ ধরনের ব্যাগের সুবিধা হলো এর লম্বা বেল্টটা কাঁধে ঝুলিয়ে নিয়ে যেমন অফিসে দৌড়ানো যায়, তেমনি অফিস শেষে বেল্টটা ভেতরে ঢুকিয়ে দিলেই পার্সের মতো ব্যবহার করা যায় ব্যাগগুলো।
আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের ব্যাগগুলো যেমন আছে তেমনি নিউমার্কেট, বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, পিংক সিটি শপিং মল ইত্যাদি জায়গা থেকেও কিনতে পারেন ব্যাগ। এছাড়া এখন অনলাইনেও মিলছে আকর্ষণীয় সব নজরকাড়া ব্যগ। পছন্দমত কিনে নিতে পারেন আপনার পছন্দের ফ্যাশনেবল ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ব্যাগটি।

