নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে দলটি। এছাড়া তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলও করবে তারা।
আগামীকাল রোববার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শুক্রবার গণমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

