
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র কৃষি উইংয়ের নতুন পরিচালক হিসেবে ড. রহিমা খাতুন যোগদান করেছেন। গত ৩ জানুয়ারি কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে চলতি দায়িত্বে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।
ড. রহিমা ১৯৮৫ সালে বিজেআরআই-এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং সিএসও হিসাবে প্রজনন বিভাগে কর্মরত ছিলেন। তিনি পাটের বিভিন্ন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন, ২০০৭ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. রহিমা চাঁদপুর জেলার রূপসা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মো. মোহসীন মিয়া এবং মাতা সৈয়দা তফুরেন নেছা; একমাত্র পুত্র রায়হান উদ্দিন আহমেদ পেশায় একজন ইঞ্জিনিয়ার। স্বামী মো. আবু নাসের ভূইয়া ড. রহিমার সকল কাজের অনুপ্রেরণা।
ড. রহিমা খাতুন বিজেআরআই’র মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. কামাল উদ্দিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

