পাঞ্জেরী ডেস্ক : ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান মহাসচিব আবু তাহের চৌধুরীকে দলটির নতুন চেয়ারম্যান এবং অতিরিক্ত মহাসচিব মো. আবুল কাশেমকে মহাসচিব করা হয়েছে।
ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল ইসলামিক পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় দলটির শীর্ষ নেতৃত্বে এ পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজধানীর শান্তিনগরে ইসলামিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- স্টিয়ারিং কমিটির সদস্য মো. এজাজ হোসেন, আবু তাহের চৌধুরী, মো. আবুল কাশেম, হাফেজ শহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, মুহাম্মদ মাহমুদুল হাসান, সরকার মো. নুরুল ইসলাম প্রমুখ।
গণমাধ্যমে ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের ইন্তেকালে শূন্যপদে ছেলে ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালকে গত ১৮ মে পার্টির নতুন চেয়ারম্যান করা হয়। এর আগে, গত ৬ মে অ্যাডভোকেট আবদুল মোবিন ইন্তেকাল করেন।

