নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘পাকিস্তানিদের এতো ভালবাসলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করা শোভনীয় নয়।’
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
গোল টেবিল বৈঠকের আয়োজন করে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন (এনএফএফএফ) ও চাকরিজীবী মুক্তিযুদ্ধা ফোরাম।
বিএনপি পাকিস্তানের আদর্শের রাজনীতি করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তারা (বিএনপি) পাকিস্তানপন্থী রাজনীতি করছে। তাদের এদেশে রাজনীতি করা যুক্তিসঙ্গত নয়।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আরো বক্তব্য দেন- আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের মহাসচিব মো. মঞ্জুর রহমান চৌধুরী, চাকরিজীবী মুক্তিযুদ্ধা ফোরামের হেদায়েতুল বারী প্রমুখ।

