নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের দুই বছরকে গণতন্ত্রহীন কালো শাসনের সময় বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় এ দুই বছর দেশে আইনের শাসন ছিল না। মানবাধিকার বিসর্জন দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করেছে সরকার।
বিএনপির অভিযোগ, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করে সরকার দেশে দুঃশাসন কায়েম করেছে। গত দুবছরে জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। জনগণের প্রতিনিধিত্বহীন সরকারের, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বলেই দুই বছরে দুর্নীতি, অব্যস্থাপনা, দলীয়করণে অতীতের সব রেকর্ড ভেঙেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলেও মত বিএনপি নেতাদের।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, ‘ভোট কেড়ে নেয়ার দুই বছর পূর্তি এটা। ভোট কেড়ে নেয়ার ফলশ্রুতিতে একটি গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, আইনের শাসনহীন, বাকস্বাধীনতাহীন বাংলাদেশের দ্বিতীয় বর্ষ পূর্তি হলো।’
চেয়ারপারসনের অপর উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান সরকারের দুই বছরের পূর্তি উপলক্ষে বলেন, ‘বিচারহীনতার দুবছর, অত্যাচারের দুবছর, নির্যাতনের দুবছর এবং সরকারের রাজনৈতিক দেউলিয়াত্বের দুই বছর আমরা দেখতে পেলাম। ভোটারবিহীন নির্বাচনী প্রহসনের সরকার এবং সংসদ দুবছর পার করছে। এটা গণতন্ত্রের জন্য যেমন লজ্জার তেমনি বাংলাদেশের জন্যে অত্যন্ত দুর্ভাগ্যের।’
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান বলেন, ‘সরকারের তরফ থেকে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং তার জোটের অন্যান্য শরিক দলগুলোর নেতাকর্মীর ওপর সরকারের সবচেয়ে বেশি অত্যাচার, নীপিড়ন এবং নিগৃহীত হয়েছে।’

