দিনাজপুর প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সংবিধান পরিবর্তন করে দলীয়করণের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছে বর্তমান সরকার। প্রশাসনকে দলীয়করণ করার মাধ্যমে সরকার দেশ চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার স্থানীয় লোকভবনে জাতীয় পার্টি দিনাজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
জিএম কাদের আরও বলেন, দেশে স্বৈরশাসন চালানোর কারণে বর্তমান দেশে কোনো জবাবদিহিতা নেই। তাই দেশে সুশাসন নেই। নিজেদের মনগড়া গণতন্ত্রকে এক নায়কতন্ত্রে পরিণত করা হয়েছে। দেশের সব মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। সাম্প্রদায়িকমুক্ত বাংলাদেশ গড়ার কথা বললেও এদেশে সংখ্যালঘু মানুষরা নির্যাতিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নির্বাচনে ওয়াদা করলেও তা রক্ষা করতে পারেনি। তারা জাতীয় পার্টিকে সঙ্গে না নিয়ে সুপরিকল্পিতভাবে তড়িঘড়ি করে নির্বাচনে এসেছে। বর্তমান সরকার চাচ্ছে না তাদের সঙ্গে জাতীয় পার্টি থাক। তাই আমাদের ঘোষণা, জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে।
দিনাজপুর জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুইয়া, বিরোধীদলীয় চিফ হুইপ শওকত চৌধুরী এমপি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জাপার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, পঞ্চগড় জেলা জাপার সাধারণ সম্পাদক আবু সালেক, ঠাকুরগাঁও জেলা জাপার সভাপতি নুরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, বীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, খানসামা জাপার সাধারণ সম্পাদক আলিম হাওলাদার, হাকিমপুর উপজেলা জাপার সভাপতি আজিজার রহমান, জেলা জাপার সহ-সভাপতি আমিনুল হক পুতুল, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম চাঁদ, সুধীর চন্দ্র শীল, যুবসংহতির সাধারণ সম্পাদক নাসিম খান পিরু, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ইদন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন।
সম্মেলন শেষে মো. দেলোয়ার হোসেনকে সভাপতি ও আহমেদ শফি রুবেলকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় দিনাজপুর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট একটি সমিতি ঘোষণা করেন।

