সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহত রাজুর ভাই মাসুদ পারভেজ শাহপরান থানায় মামলাটি দায়ের করেছেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে খাদিমপাড়া এলাকা অভিযান চালিয়ে পংকি, রকি ও জামাল নামের তিন যুবককে আটক করে পুলিশ।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট নগরীর খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মী। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত আরেকজন কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
নিহতরা হচ্ছেন- রাজু মিয়া (১৯) ও আবু মিয়া (২৫)। রাজু চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে এবং আবুর বাড়ি শরিয়তপুর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার রাসেল আহমদ (২২)।

