নোয়াখালী প্রতিনিধি : জেলার সেনবাগ উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৫) ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকায় মাহবুবুর রহমান প্রকাশ মাহবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফেনীর দাগনভূঞা থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান প্রকাশ মাহবুব (২৮) সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মমিনুল হকের ছেলে।
অপহৃতা সেনবাগ পৌরসভার বাতানিয়া গ্রামের মো. শাহজাহানের মেয়ে ও সেনবাগ সরকারি বালিকা উচচ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও অপহৃতের সহপাঠী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে তারা পৌরসভার অর্জুনতলা চৌরাস্তা এলাকায় পৌঁছলে বখাটে মাহবুবসহ ৫/৬ জন ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ সময় ভিকটিমের সহপাঠী ইমু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। কিন্তু এরআগেই অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় দুপুরে অপহৃতের ‘মা’ সাঈদা আক্তার শেফু বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহৃতকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত সাড়ে ৮টার দিকে ফেনীর দাগনভূঞা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার মূলহোতা মাহবুবকে গ্রেপ্তার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, অভিযোগের পর থেকে ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে দাগনভূঞা থেকে অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করা হয়। ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে।

