ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের হরতালে রাস্তায় জ্যাম

Link Copied!

traffic-Jamনিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে সকাল থেকে ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিং চোখে পড়েনি। হরতাল হচ্ছে বেশ ঢিলেঢালাভাবে। রাজধানীর বিভিন্ন জায়গায় যানজটও চোখে পড়েছে।
রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর ও কাকরাইল রুটে প্রতিদিনের মতোই যানজট লক্ষ করা গেছে। এ ছাড়া জনজীবন ছিল স্বাভাবিক। হরতালের প্রভাব কোথাও পড়েনি। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল ছিল অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল ডেকে মাঠে নামেনি জামায়াতের নেতাকর্মীরাও।
তবে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে।
রামপুরা ওয়াপদা রোড থেকে কাকরাইলে আসছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিমুল রহমান। তিনি বলেন, ‘হরতাল থাকলেও কিছু করার নেই। কাজ তো করতে হবে। তা ছাড়া এখন হরতাল কর্মসূচিকে মানুষ পছন্দ করে না। আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর উচিত নতুন কৌশল খুঁজে বের করা।’
রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল করছে। রাস্তায় রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়।
এ ছাড়া সরেজমিনে রাজধানীর পল্টন মোড় থেকে প্রেসক্লাব, মৎস ভবন হয়ে শাহবাগ, কাঁটাবন থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত যথারতি যান চলাচল দেখা গেছে।  অন্যান্য এলাকাতেও যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
হরতালের সমর্থনে রাজধানীতে কোথাও মিছিল অথবা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।
নিজামীর রায়ের কারণে গতকাল (বুধবার) থেকেই ঢাকার সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আজ সকালে হরতালের শুরু থেকেই প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।
দিনের শুরুতে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তা বাড়তে থাকে। রাজধানী হয়ে ওঠে নিত্যদিনের মতোই কর্মচঞ্চল।
সকালে অন্যান্য দিনের তুলনায় বাসের সংখ্যা কম ছিল। রাস্তার মোড়ে মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সব সড়কেই চলাচল করছে রিকশা।
গতকাল সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।