রাজশাহী প্রতিনিধি : যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে মহানগরীর তালাইমারীতে মিছিলের প্রস্তুতি নেয় শিবিরকর্মীরা। এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মহানগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম সাকলাইন জানান, যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে শিবিরকর্মীরা একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনার পর থেকে মহানগরীর সব এলাকায় নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

