কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে এক শিক্ষককে নিজ ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত আড়াইটার দিকে রামুর ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছফা (৩৩) একই এলাকার আব্দুল মজিদের ছেলে এবং ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ নুরুন্নবী (৩০)।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহিদুল করিম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছফার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিন্মি করে ফেলে। এক পর্যায়ে নুরুচ্ছফা ও তার ভাই নুরুন্নবীকে গুলি করে তারা পালিয়ে যায়। তবে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কারসহ কোনো জিনিসপত্র লুট না করায় ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতাবশত পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের লাশ ঈদগড় পুলিশ ফাঁড়িতে রয়েছে জানিয়ে এসআই বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছফার বুকে গুলি করা হয়। তার ভাই গুলিবিদ্ধ নুরুন্নবীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছোট ভাই নুরুল আবছার বলেন, ‘রাতে আসরা সবাই ঘুমিয়ে ছিলাম। দুর্বৃত্তরা ঘরের ৩টি দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। আমরা ডাকাত মনে করে ঘরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা তাদের দিলেও না নিয়ে ভাই নুরুচ্ছফাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে নুরুচ্ছফা ও নুরুন্নবীকে গুলি করে পালিয়ে যায়।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাহিদুল করিম।

