বিনোদন ডেস্ক : সৈয়দ ওয়ালীউল্লাহ’র কালজয়ী উপন্যাস ‘লালসালু’ নির্মিত তানভীর মোকাম্মেলের ছবি ‘লালসালু’। দেশসেরা চলচ্চিত্রের তালিকায় অন্যতম এ চলচ্চিত্রটি এবার প্রদর্শিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলীয় ফিল্ম আর্কাইভ অস্ট্রেলিয়া সিনেমাটেকের উদ্যোগে ব্রিসবেনের গ্যালারি অব মডার্ন আর্ট সেন্টারে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। আগামীকাল ৭ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় এর বিশেষ প্রদর্শনীর সময় নির্ধারিত হয়েছে।
২০০১ সালে নির্মিত এ ছবিটি আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা ইউসুফ মেমী, চাঁদনী, রওশন জামিল, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, আলী যাকের, তৌকীর আহমেদ, মাসুদ আলী খান, সাইদুর রহমান বয়াতী ও অন্যান্যরা। শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ।

