বিনোদন ডেস্ক : উনত্রিশটি বসন্ত কাটিয়ে ত্রিশে পা দিলেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জন্ম ডেনমার্কে, বেড়ে উঠা ভারতে। বাবা প্রকাশ পাড়ুকোন নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড়। বাবার হাতেই ব্যাডমিন্টনে তার হাতেখড়ি। রুটিন করে চর্চা করতেন। ছোটবেলায় ঝলক দেখিয়েছেন স্কুলের ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। সাফল্যের ধারাবাহিকতায় খেলেছেন জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে। চাইলে ব্যাডমিন্টনেই ক্যারিয়ারটা গড়ে তুলতে পারতেন। কিন্তু হঠাৎই ব্যাডমিন্টনের কোর্ট থেকে পা দিলেন মিডিয়ায় রঙিন কার্পেটে। শুরু করলেন মডেলিং। উঠতি মডেলিং হিসেবে ২০০৬ সালের দিকে ডাক পেলেন বাঙ্গালোরে আঞ্চলিক সিনেমায়। ছোট্র একটা চরিত্রে দেখা গেছে তাকে।
পরে হিমেশ রেশামিয়ার ‘নাম হ্যায় তেরা’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দীপিকা। ওই গানে দিপিকাকে দেখেই ফারাহ খান ‘ওম শান্তি ওম’-এর নায়িকা হিসেবে তাকে নির্বাচন করেন। ছবিটির মাধ্যমেই প্রাদপ্রদীপের আলোয় উঠে আসেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। এর পরই প্রচুর সিনেমায় ডাক পান তিনি। কাজ করেছেন লাভ আজকাল, রোমান্স, লাফাঙ্গে পারিন্দে ছবিগুলো প্রশংসিত হয়। তবে তার টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয় ২০১২ সালে মুক্তি পাওয়া ককটেল ছবিকে। তার অসাধারণ অভিনয় বোদ্ধামহলে প্রশংসিত হয়। ইয়ে যাবানি ইয়ে দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার সিনেমাগুলো ছিল শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র।
২০১৩ সালে গোলিয়োন কি রাসলীলা রাম-লীলা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। গতবছর মুক্তি পায় তার ‘পিকু’। সর্বশেষ গতবছরের ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে ঐতিহাসিক ছবি ‘বাজীরাও মস্তানি’। ছবিতে মস্তানি চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।
ব্যক্তিজীবনে দীর্ঘদিন রনবীর কাপুরের সঙ্গে প্রেম করেছন। মাঝে ক্রিকেটার যুবরাজ সিং, আই.পি.এল এর দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর কর্ণধারের পুত্র সিদ্ধার্থ মালয় এর সাথেও তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। বর্তমানে তার প্রেমিক রণবীর সিং। তার সঙ্গে পরিচয় সঞ্জয় লীলা ভানশালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা-রামলীলা’ ছবির সেটে।

