বিনোদন প্রতিবেদক : সিক্যুয়াল নাটক ‘সিকান্দার বক্স’ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তায় পৌঁছেছে মোশাররফ করিম-শখ জুটি। প্রায় নাটকেই তাদের দু’জনকে এক করছেন নির্মাতারা। তারই ধারাবাহিকতায় নির্মাতা শামিম জামানের নতুন নাটক ‘আমার ইচ্ছে করেনা’ নাটকে মোশাররফ করিমের স্ত্রী চরিত্রে আবারও অভিনয় করলেন শখ। এ নিয়ে প্রতিক্রিয়াও জানালেন তিনি। বললেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় সব সময় আনন্দের। এই কাজটি দেখে দর্শকও আনন্দ পাবে।’
মজার এ নাটকে নতুন রোগে আক্রান্ত হয়েছেন মোশাররফ করিম। কোন কিছু করতেই তার ইচ্ছে করে না। ভাত খেতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছা করে না। প্রেম করে কিন্তু বিয়ে করতেও ইচ্ছে করে না। বাবা-মা জোর করে শখের সঙ্গে বিয়ে দেয়। কিন্তু এখানেও বিপত্তি। বিয়ের পর বউ রেখে ঘর থেকে বের হতে ইচ্ছা করে না মোশাররফ করিমের। এমনই মজার রোগে পড়েছেন অভিনেতা মোশাররফ।
সম্প্রতি সালাম পাঠানের রচনায় ও শামীম জামানের পরিচালনায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘মজার চরিত্র। এ রকম চরিত্র আগেও করেছি। তবে গল্প বলার ধরণটি ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে।’
‘আমার ইচ্ছে করে না’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এতে মোশাররফ-শখ ছাড়াও অভিনয় করেছেন আমিনুল হক হেলাল, মনিরা মিঠু, মৌসুমী সরকার প্রমুখ।

