বিনোদন ডেস্ক : ‘অন্তরঙ্গ’র রেশ কাটতে না কাটতেই আগামী সপ্তাহে ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র ‘ভুল যদি হয়’ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন আলিশা প্রধান। আর সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে মুক্তি পাচ্ছে তার তৃতীয় ছবি ‘অজান্তে ভালোবাসা’। সে হিসেবে পাঁচ মাসে তিনটি ছবি মুক্তির পর ইন্ডাস্ট্রিতে কেমন অবস্থান হবে তার?
আলিশার ভাষায় ‘এক দিনে কেউ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। তবে একক নায়িকা হিসেবে ধারাবাহিকভাবে তিনটি ছবি মুক্তি অনেকটা অপ্রত্যাশিত। আমার বিশ্বাস প্রথম ছবির ধারাবাহিকতায় বাকিগুলোতেও দর্শক আমাকে গ্রহণ করবে।’ যদিও হল রিপোর্ট বলছে প্রথম ছবিতে দর্শক টানতে পারেননি আলিশা-ইমন জুটি।
ক্যারিয়ারের শুরুতে মডেলিং আর টিভি নাটক দিয়ে পরিচিতি পেলেও, আলিশার চোখ ছিলো চলচ্চিত্রে। তাই ২০১২ সালের ডিসেম্বরের দিকে একটি টেলিভিশন চ্যানেলে তার একটা সাক্ষাৎকার প্রচারের পরপরই পরিচালক চাষী নজরুল ইসলামের ফোন পান তিনি। পরদিন ‘ভুল যদি হয়’ চলচ্চিত্রে নাম লেখায় আলিশা। তারও প্রায় এক বছর পর ২০১৩ সালের ডিসেম্বরের দিকে মা ও গিয়াস উদ্দিন মুরাদকে নিয়ে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন এই নায়িকা। নাম ‘কার্নিভাল মোশন পিকচার্স’। প্রতিষ্ঠানটির প্রযোজনায় ও চাষী নজরুলের পরিচালনায় পাঁচটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত দুটি চলচ্চিত্র নির্মাণ সম্ভব হয়েছে। এর কারণ মূলত হঠাৎ চাষী নজরুলের প্রয়াণ। যদিও এই গুণী পরিচালকের হাত ধরে প্রদীপের আলোয় আসতে চেয়েছিলেন নবাগত আলিশা।
যাই হোক, চাষী নজরুলের মৃত্যুর পর গেল নভেম্বরে মুক্তি পায় আলিশার প্রথম ছবি ‘অন্তরঙ্গ’। ছবিটি দিয়ে এই নায়িকার অভিষেক ঘটলেও, প্রচারনায় গুরুত্ব পেয়েছে প্রয়াত পরিচালক চাষী নজরুলের নাম। কারণ তার পরিচালনায় এটিই ছিলো শেষ ছবি। অন্যদিকে ছবিতে আলিশার বিপরীতে ছিলেন অভিনেতা ইমন। একে তো নতুন নায়িকা তার উপর ছোটপর্দা থেকে আসা নায়ক। দু’য়ে মিলে ছবিটি সফলতা নিয়ে সংশয় থাকলেও আলিশার মতে, ‘প্রথম ছবি থেকে আমার প্রাপ্তিটা ছিলো দু’রকমের। প্রথমত ইমোশনাল, যেখানে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। দ্বিতীয়ত রিয়েলিটি, যেখানে চলচ্চিত্রের অনেক বাস্তবতার সঙ্গে আমার পরিচয় ঘটেছে।’
এদিকে আগামী ৮ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া আলিশার দ্বিতীয় ছবি ‘ভুল যদি হয়’ এর নির্মাতাও প্রয়াত চাষী নজরুল ইসলাম। ছবিটির নির্মাণ কাজ ‘অন্তরঙ্গ’র আগেই শুরু করেছিলেন, তাই এটা পরিচালকের শেষ ছবি নয়। সে হিসেবে প্রচারণার ক্ষেত্রে কী প্রাধান্য পাচ্ছে? আলিশা বলেন, ‘ছবির প্রচারণার বিষয়টা এখন এটিএন বাংলার মতো একটি বিশাল প্রতিষ্ঠানের হাতে। তারাই সব কিছুর দেখভাল করছে। প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা নেয়া হয়েছে। তাছাড়া আগামী ঈদুল ফিতরে এটিএন বাংলায় ছবিটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।’
প্রথম ছবির ধারাবাহিকতায় দ্বিতীয় ছবিতেও আলিশার সঙ্গী হয়েছেন ছোটপর্দা থেকে আসা অভিনেতা ইমন। তবে এবার নতুন যোগ হয়েছেন সম্রাট। বড়পর্দায় তার তেমন একটা সফলতা না থাকলেও, নায়করাজ রাজ্জাকের পুত্র হিসেবে আলাদা কদর রয়েছে। তবে কী, সম্রাটের ভরসায় দর্শক বৈতরণী পার হওয়া সম্ভব হবে?
আলিশার মতে ‘ভুল যদি হয়’ ছবির মূল ভিত্তি এর গল্প। যা সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে। এ প্রসঙ্গে আলিশা বলেন, ‘ছবির নাম থেকেই বুঝা যায়, জীবনের কোন একটি মুহূর্তে ভুল করার পর তার পরিণতি ও সেখান থেকে উত্তরণের গল্প। কেন আমাদের সমাজে বিবাহিত জীবনগুলো সুখের হয় না কিংবা টিকে না তা পর্দায় ধরা দিবে।’
ছবির গল্প প্রসঙ্গে আলিশা আরো বলেন, ‘তিন বন্ধুর সম্পর্কের টানাপড়েন নিয়ে ‘ভুল যদি হয়’। এখানে এক বন্ধু তার স্ত্রীকে আরেক বন্ধুর হাতে তুলে দেয়। তারপরই ঘটতে থাকে নানা ঘটনা।’
এদিকে মার্চে মুক্তি পেতে পারে আলিশার তৃতীয় ছবি ‘অজান্তে ভালবাসা’। এ জে রানার পরিচালনায় ছবিতে এ নায়িকার বিপরীতে দেখা মিলবে চিত্রনায়ক সায়মনের। গত কয়েক বছরে যে কজন নায়ক চলচ্চিত্রে এসেছে তাদের মধ্যে সায়মনের অবস্থান তুলনামূলক ভালো। তাই এই ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী আলিশা। তার মতে, ‘ছবিটি দর্শক গ্রহণ করবে। কারণ পরপর তিনটি ছবি দেখে দর্শক আমাকে নতুন করে মূল্যায়নের সুযোগ পাবে।’

