স্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজকে সামনে রেখে রোববার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প। গত ১৫ ডিসেম্বরে শেষ হওয়া বিপিএলের তৃতীয় আসরে বল-ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জহুরুর ইসলাম, মোসাদ্দেক হোসেন, কাজী নুরুল হাসান, আবু হায়দার রনিরা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজে দুই একজন নতুন মুখ বাংলাদেশ দলে থাকতে পারে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক কমিটির অন্যতম সদস্য মিনহাজুল আবেদীন নান্নু।
নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২৭ জনের প্রাথমিক দল নিয়ে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে আসন্ন জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতি। তবে প্রথম দিনে জিম্বাবুয়ে সিরিজের ১৪ সদস্যের প্রাথমিক দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে জাতীয় দলের নির্বাচকরা। এখন শুধু বোর্ড সভাপতির অনুমোদন মিললে হয়তো আজ/কালের মধ্যেই জানা হয়ে যাবে জিম্বাবুয়ের সিরিজের দল।
গত বছরের নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি২০ সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলের সামনে রয়েছে টি২০ ম্যাচের বড় ধরণের দুটি টুর্নামেন্ট (এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ)। তাই এবার জিম্বাবুয়ের বিপক্ষে শুধু চারটি টি২০ ম্যাচ খেলতে চায় টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে রোববার থেকে প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটার নিয়ে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প।
প্রাথমিক দলে থাকা ক্রিকেটারের মধ্যে অনেক নতুন মুখ আছে। যারা কিনা বিপিএলের তৃতীয় আসরে নিজেদেরকে অন্যভাবে তুলে ধরে লাইম-লাইটে চলে এসেছেন। তাই কিনা জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত দলে থাকাটাও প্রায় নিশ্চিত। কারণ বিপিএলের তৃতীয় আসরে বল-ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জহুরুর ইসলাম, মোসাদ্দেক হোসেন, কাজী নুরুল হাসান, মোহাম্মদ শহীদ ও আবু হায়দার রনিরা। অনেকেই ধরে নিচ্ছেন এই ১৪ সদস্যের দলে দেখা যেতে পারে তরুণ বাঁহাতি পেসার রনি। তবে রনির দলে থাকা নিয়ে কিছুই বলতে রাজী হননি মিনহাজুল আবেদীন নান্নু।
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের দলে পরিবর্তন থাকা প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক কমিটির অন্যতম সদস্য বলেন, ‘শেষ জিম্বাবুয়ে সিরিজে যে টি২০ স্কোয়াডটা ছিল এর মাঝে একটু পরিবর্তন তো অবশ্যই আছে। কিছু নতুন খেলোয়াড়ও দেখা যাবে। সেই হিসাবে আমরা চেষ্টা করছি এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের আগে একটা সেরা সম্ভাব্য দল দাঁড় করাতে।’
জিম্বাবুয়ের সিরিজের চূড়ান্ত দল দিয়ে দিলে বাকি ক্রিকেটাররা বিসিএল খেলতে চলে যাবে। বর্তমানে ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই প্রধান কোচ ঢাকায় ফিরলে ১৪ সদস্যের দল নিয়ে কাজ শুরু করবেন।
এ বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘পরিকল্পনা হলো আজকেই (রোববার) আমরা ১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিয়েছি। সভাপতি অনুমোদন দিলে পরবর্তী কোচিং সেশন হাতুরুসিংহে এসে চূড়ান্ত দল নিয়ে কাজ শুরু করবে। এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য ব্যস্ত হয়ে পড়বে।’
কন্ডিশনিং ক্যাম্পে ২৭ ক্রিকেটার নেয়া প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য বলেন, ‘আমরা ২৭ জনের স্কোয়াড দিয়েছিলাম কারণ সামনে এশিয়া কাপ আছে, টি২০ বিশ্বকাপ আছে। সেই হিসাবে ২৭ জনের একটা পরিকল্পনা মাথায় রেখেছি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে ১৪ জনের দল দিয়ে দিয়েছি।’
তবে জিম্বাবুয়ে বা এশিয়া কাপ নয় বিসিবির সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মার্চে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপকে। এ বিষয়ে নান্নু বলেন, ‘পারফরম্যান্স বিবেচনায় আমরা দল করেছি। এমনকি সেরা খেলোয়াড়দেরই দলে নেয়া হয়েছে। সবার আগে বিশ্বকাপ। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলেছি। তাই এটা মাথায় রাখলে টি২০ বিশ্বকাপেও আমরা ভালো করতে পারবো।’

