স্পোর্টস ডেস্ক : সবধরনের প্রতিযোগিতায় আট ম্যাচ, সময়ের হিসাবে প্রায় দেড়মাস জয়শূন্য ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে জয়ের দেখা পেয়েছে লুই ফন গাল শিবির। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে নতুন বছরটা ভালোমতোই শুরু করেছে রুনিরা।
অন্যদিকে বছরের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। ওয়াটফোর্ডের মাঠে ২-১ গোলে জিতেছে পেলেগ্রিনির শিষ্যরা। ঘরের মাঠে নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করেছে আর্সেনাল। তবে চলতি মৌসুমে চমক লাগানো দল লিচেস্টার টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে বোর্নমাউথের সঙ্গে।
২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিচেস্টার দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট কমেই তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে সোয়ানসির বিরুদ্ধে প্রথমার্ধে গোল পায়নি ম্যানইউ। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ম্যানইউকে লিড এনে দেন মার্শিয়াল। ডান দিক থেকে ওয়েলসের মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড।
৬৪ মিনিটে ভাগ্যগুণে বড় বাঁচা বেঁচে যায় ইউনাইটেড। ফরাসি মিডফিল্ডার আন্দ্রে আইয়ুর হেড গোলরক্ষক ডেভিড দে গেয়াকে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। ছয় মিনিট পরেই অবশ্য ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দেন গিলফি সিগার্ডসন। দারুণ এক প্রতি-আক্রমণে হেড করে সোয়ানসির হয়ে ম্যাচে সমতা আনেন আইসল্যান্ডের এই মিডফিল্ডার (১-১)।
তবে ম্যানইউর জয়ের নায়ক শেষ অবধি তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। ৭৭ মিনিটে তার করা গোলেই স্বস্তির জয় পায় রেডডেভিলসরা।মার্সিয়ালের বাড়ানো বলে ফ্লিক করে দলের জয় নিশ্চিত করেন রুনি।
অন্যদিকে ঘরের মাঠ এমিরাত স্টেডিয়ামে নিউক্যাসলের বিরুদ্ধে জয়ের জন্য বেশ ঘাম ঝড়াতে হয়েছে আর্সেনালকে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৭২ মিনিটে কোসাইনলির একমাত্র গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে গানার শিবির।
ওয়াটফোর্ডের মাঠে নাটকীয় জয় পেয়েছে ম্যানসিটি। প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৫৫ মিনিটে সিটি খেলোয়াড় কোলারোভের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড (১-০)। গোল শোধের নেশায় মরিয়া তখন ম্যানসিটি।
৮২ মিনিটে ইয়া ইয়া তোরের গোলে ম্যাচে সমতা আনে সিটি শিবির (১-১)। এর মিনিট দুয়েক পর আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি (২-১)।

