স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ায় এক সময় ধুন্ধুমার ব্যাটসম্যানদেরও যিনি নিয়মিতই ফাঁদে ফেলতেন, নারী কেলেঙ্কারিতেও তিনি কম যান না। বরাবরই বিতর্ক লেগেই ছিল তার পিছু। এখনো খুব একটা নিজেকে বদলাননি ক্রিকেটের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। বয়সের পাল্লা ভারী হতে থাকলেও মনে সেই তরুণ ভাবটিই ধরে রেখেছেন।
ঠিক পুরোনো রূপেই হাজির হলেন থার্টি ফার্স্ট নাইটে। এদিন মেতে উঠেছিলেন ফ্যান্সি ড্রেস পার্টিতে। অবশ্য এটাতে কোনো বিতর্কে পড়েননি অস্ট্রেলিয়ার এই লিজেন্ড।
নিজেই জানিয়েছেন একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই এই পার্টিতে গিয়েছিলেন। তিনি নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এই পার্টির ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, ওয়ার্নের একপাশে রয়েছেন টিলে হলজ়বার্গার এবং অন্যপাশে রয়েছেন বিখ্যাত চিত্রগ্রাহক রোজ়ান্না ফার্সি।
পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ার্ন ভক্তদের উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘সবাইকে হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি ২০১৬ সালে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। যদিও কোনও জিনিসই সহজে পাওয়া যায় না, তবুও যদি এরজন্য নিজেকে উৎসর্গ করা যায় তাহলে অবশেষে অবশ্যই সাফল্য পাওয়া যায়।’
প্রসঙ্গত, ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই স্পিনার ১৪৫টি টেস্টে নিয়েছেন ৭০৮টি উইকেট নিয়েছেন। লোয়ার অর্ডারে ১৯৯ ইনিংসে ব্যাট করে করেছেন ১২টি হাফ সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে তিনি ৩০০০ এর বেশি রান করেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০০৭ সালে শ্রিলঙ্কান মুরালিধরন তাকে টপকানোর আগ পর্যন্ত তিনিই ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি।
ওয়ানডেতেও বেশ ঝলমলে তার পারফরমেন্স। অস্ট্রেলিয়ার হয়ে ২৯৩টি উইকেট নেন তিনি। তার অসাধারণ পারফরমেন্সর জন্যই অস্ট্রেলিয়া ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ জিতে, যেখানে তিনি সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০০৩ সালের বিশ্বকাপের আগে তার ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা জারি হয়। বিশ্বকাপের আগে তার ডোপ টেস্টে ফল পজিটিভ আসে, ২০০৪ সালে তিনি ক্রিকেটে ফিরেন, অস্ট্রেলিয়ার আর ওয়ানডে না খেললেও টেস্ট খেলে যান।

