স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুটা মোটেও ভালো হলো না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় এস্পানলের মাঠে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। ড্র’র হতাশায় বছর শুরু হলো মেসি-নেইমার-সুয়ারেজদের।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে বার্সেলোনা। তবে পরের ম্যাচে আটলেটিকো মাদ্রিদ জিতলে শীর্ষস্থান হারাবে লুইস এনরিক শিবির।
ঘরের মাঠ বলেই বাড়তি আত্ববিশ্বাসী ছিল এস্পানল শিবির। তার উপর মেসি-নেইমার-সুয়ারেজের গোল মিসের ব্যর্থতা। সবমিলিয়ে বার্সার সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়েছে স্বাগতিক শিবির। কিন্তু শেষ অবধি গোলের দেখা পায়নি কোন শিবিরই।
বার্সেলোনা গোলের প্রথম ভালো সুযোগটা পায় ৩৬ মিনিটে। বিপজ্জনক জায়গা থেকে মেসি ফ্রি-কিক নিয়েছিলেন। গোলরক্ষক বুঝতেই পারেননি। কিন্তু বাঁকানো শটে বল লাগল ক্রসবারের ডান প্রান্তে। হতাশ বার্সা সমর্থকরা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি-বক্সে ইনিয়েস্তাকে বল বাড়িয়েছিলেন মেসি । তবে শট নেওয়ার সুযোগ পাননি বার্সেলোনার এই প্লেমেকার। দ্বিতীয়ার্ধের শুরুতে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও শট নিতে পারেননি সুয়ারেজ।তার কাছ থেকে পাওয়া বলে নেইমারের শট প্রতিহত হয় রক্ষণে। একটু পরে ডি-বক্সের ভেতর থেকে মেসির শটও প্রতিহত হয়।
৫২ মিনিটে গোলের ভালো একটা সুযোগ পেয়েছিল এস্পানল।তবে হেরনান পেরেসের শট একটুর জন্য গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর ম্যাচে গোলের সবচেয়ে ভালো সুযোগটা হারায় বার্সেলোনা। গোলরক্ষককে পেছনে ফেলার পর খুব কাছ থেকে নেওয়া সুয়ারেজের শট লাগে কাছের পোস্টেই।
সব মিলিয়ে বার্সার আক্রমণভাগের হতাশার রাত ছিল এটি। একটি গোলও না পাওয়ার ব্যর্থতায় মাঠ ছাড়তে হয় মেসি-নেইমারদের। তবে বার্সাকে রুখে দিয়ে বেশ উৎসবের আমেজ ছিল এস্পানল শিবিরে।

