নাটোর প্রতিনিধি : নাটোরের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক স্কুলে বিনামূল্যে বই বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব স্কুলে সেশন ফি ও মাসিক বেতন পরিশোধসাপেক্ষে বই দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী সেশন ফি ও মাসিক বেতন পরিশোধ করতে পারেনি তাদের নতুন বই দেওয়া হয়নি। আবার কোনো কোনো স্কুলে অতিরিক্ত ৫০ টাকা করে নেওয়ার অভিযোগও এসেছে।
বেশ কয়েকটি মাধ্যমিক স্কুলে যোগাযোগ করে একই অভিযোগ এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। এসব স্কুলের কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করেছেন।
এ ব্যাপারে শহরের বড় হরিশপুর শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা উপজেলার মাধনগর এস আই উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল থেকে একই অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বড় হরিশপুর শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৭০১ জন। এর মধ্যে সেশন ফি পরিশোধসাপেক্ষে ৩৬৬ জন শিক্ষার্থীকে প্রথম দিনে নতুন বই দেওয়া হয়। পরে দ্বিতীয় দিন শনিবারও সেশান ফি প্রদানসাপেক্ষে অবশিষ্ট শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে দেখা গেছে।
এ ব্যাপারে বড় হরিশপুর শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, অনেক ছাত্র-ছাত্রী বই পেয়ে আর স্কুলে আসে না এবং মাসিক বেতন ও সেশন ফি দেয় না। সেজন্য বই দেওয়ার আগেই তাদের কাছ থেকে ফি আদায় করা হয়। এটা সরকারি বিধিসম্মত কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিধিসম্মত না হলেও স্কুলের স্বার্থে কর্তৃপক্ষ এ নিয়ম করতে বাধ্য হয়েছেন।এ ব্যাপারে জানতে জেলা শিক্ষা কর্মকর্তা মোকসেদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা প্রশাসক মশিউর রহমান এ ব্যাপারে জানান, সরকার বিনা পয়সায় বই বিতরণ করার নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী সব ছাত্রকে বই দিতেই হবে। সেশন চার্জ বা মাসিক বেতন না দিলে বই পাবে না, এমন কোনো নিয়ম নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ ব্যাপারে তিনে ব্যবস্থা নেবেন।

