বিনোদন ডেস্ক : বলিউডের ‘ডার্টি পিকচার’ খ্যাত অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের পিত্ত থলিতে পাথর হয়েছে, এই আশঙ্কায় গত বুধবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু নতুন বছর এবং একই দিনে নিজের জন্মদিন হওয়ায় শুক্রবার দুপুরে ঘরে ফিরে এলেন তিনি।
জানা গেছে, নতুন বছর আর নিজের জন্মদিন উদযাপন করতে স্বামীর সঙ্গে বিদেশে সফরে যাওয়ার কথা ছিল বিদ্যা বালানের। কিন্তু হঠাৎ পেটে ব্যাপক ব্যথা উঠে তার। তড়িঘড়ি করে অসুস্থ বিদ্যাকে গত বুধবার ভর্তি করানো হয় মুম্বাইয়ের এক হাসপাতালে। জানানো হয় কিডনিতে পাথর আছে তার। বাতিল হয় তার বিদেশ সফর। দুইদিন টানা হাসপাতালে থাকার পর আজ শুক্রবার একটু সুস্থতা বোধ করায় এবং জন্মদিন উপলক্ষে নিজের ঘরে ফিরে এলেন তিনি।
ঘরে ফিরেই বিদ্যা টুইটারে তার ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষিদের নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জন্মদিনে বাসায় ফিরে আসায় স্বস্তি পাচ্ছি। আমার শারীরিক অসুস্থতা নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের জন্য ভালোবাসা। প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা।
উল্লেখ্য, গত পরশু নতুন বছর উপলক্ষে বিদেশে যাওয়ার কথা ছিল কিন্তু বিমানের ভেতরেই নাকি আচমকা পিঠে খুব ব্যথা শুরু হয় বিদ্যার। বিমানের ভিতরেই চিকিৎসাকর্মীদের ডেকে আনা হয়। পরিস্থিতি গুরুতর দেখে বিদ্যাকে বিমান থেকে নামিয়ে আনেন সিদ্ধার্থ। বিমানবন্দরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয় বিদ্যাকে। পরে সেখান থেকে বিমান ধরে বিদ্যাকে নিয়ে মুম্বাইয়ে এনে হাসপাতালে ভর্তি করেছিলেন।

