বরিশাল প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের বই সঙ্কটের কারণে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন শ্রেণীর ৯ হাজার শিক্ষার্থী বছরের প্রথম দিন বই পাচ্ছে না। তাদের বই না পাওয়ার মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে বই উৎসব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, ২০১৬ সালে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩য় শ্রেণির ৪ হাজার ৮শ’ ও ৫ম শ্রেণির ৪ হাজার ২শ’ সেটসহ মোট ৯ হাজার সেট বই পাননি। এ কারণে বছর শুরুর প্রথম দিনে বই উৎসবে যোগ দিতে পারবে না ৯ হাজার শিক্ষার্থীরা।
সূত্রমতে, ১ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ৮শ’, ২য় শ্রেণির জন্য ৪ হাজার ৫শ’ ৫০, ৩য় শ্রেণির জন্য ৪ হাজার ৮শ’, ৪র্থ শ্রেণির জন্য ৪ হাজার ৭শ’ ৫০ ও ৫ম শ্রেণির জন্য ৪ হাজার ২শ’ সেট বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল।
এরমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ ডিসেম্বর পর্যন্ত ১ম, ২য় ও ৪র্থ শ্রেণির চাহিদানুযায়ী বই সরবরাহ করেছে। তবে ৫৯ পশ্চিম মালিবাগের নিউ পানামা প্রিন্টার্স নামে সরকার নির্ধারিত ঠিকাদার ৩য় শ্রেণির ৪ হাজার ৮শ’ ও ৫ম শ্রেণির ৪ হাজার ২শ’ সেটসহ মোট ৯ হাজার সেট বইয়ের কোনো কপি তাদের সরবরাহ করেনি। ফলে সরকারের ঘোষণা অনুযায়ী বছরের প্রথম দিনে বই উৎসবে যোগ দিতে পারবে না ৯ হাজার শিক্ষার্থীরা।
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী মন্টু লাল রায় জানান, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য তাদের চাহিদা রয়েছে দুই লাখ ১১ হাজার ৭শ’ সেট বই। এরমধ্যে ঠিকাদার কর্তৃক দুই লাখ ১০ হাজার ৫০ সেট বই সরবরাহ করা হয়েছে। তবে ৯ম শ্রেণির ৬শ’ ৫০ কপি জীববিজ্ঞান এবং পৌরনীতি এক হাজার কপি বইসহ মোট এক হাজার ৬শ’ ৫০ কপি বই এখনও তারা হাতে পাননি। উভয় শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলগুলোতে চাহিদানুযায়ী বই পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সকল শ্রেণির জন্য বই না পেলেও ১ জানুয়ারি একাধিক ভেন্যুতে বই উৎসব পালন করা হবে বলেও জানান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার ।

