বিনোদন ডেস্ক : এটা এক প্রকার নিশ্চিত যে বলিউডের সুপারস্টার অভিনেতা সঞ্জয় দত্তের বাস্তব জীবন নিয়ে সিনেমা করছেন মেধাবী নির্মাতা রাজকুমার হিরানি। যে সিনেমায় তার বাস্তব জীবনের আলোচিত প্রায় সব ঘটনায় উঠে আসবে! কিন্তু যারা সঞ্জয়ের বায়োপিকে তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরীর সাথে তার রোমান্স দেখতে মুখিয়ে ছিলেন তাদেরকে বোধয় এই ছবিটি হতাশই করবে!
জানা গেছে, অভিনেতা সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে সিনেমা করতে চলেছেন থ্রি ইডিয়টস এবং পিকে খ্যাত নির্মাতা ও সঞ্জয়ের বন্ধু রাজকুমার হিরানি। যে ছবিতে সঞ্জয়ের জীবনে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোই থাকবে। সঞ্জয়ের চরিত্রে কাকে অভিনয় করাবেন সে বিষয়টিও এরইমধ্যে ঘোষণা করেছেন হিরানি। কিন্তু হতাশ করার বিষয়টি হচ্ছে, নব্বইয়ের দশকে সঞ্জয় আর মাধুরীর মধ্যে চলা প্রেমের বিষয়টিই নাকি গোপন করতে চলেছেন হিরানি। পিকে নির্মাণের পর থেকেই সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত ছিলেন রাজকুমার। এরইমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজও শেষ করেছেন।
নাইনএক্সই.কম -এর এক রিপোর্টে বলা হয়েছে, ছবিতে এরইমধ্যে দুই নায়িকাও নাকি ঠিক করে ফেলেছেন হিরানি। একজন থাকবেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায়, এবং অন্যজন সঞ্জয়ের প্রথম দিককার গার্লফ্রেন্ড টিনা মুনিম। এই টিনা মুনিমপরবর্তীতে তার প্রথম স্ত্রী হয়েছিলেন। তার মৃত্যুর পরেই মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।
তো রিপোর্টের কথা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সত্যি সত্যি নির্মাতা রাজকুমার হিরানি সঞ্জয়-মাধুরীর প্রেম গোপন করছেন তা বায়োপিকে! দেখা যাক!

