স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে টি২০ বিশ্বকাপের মাঝপথে শ্রীলংকার টি২০ অধিনায়কের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন দিনেশ চান্ডিমাল। তার বদলে নেতৃত্ব দিয়ে লংকানদের প্রথমবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। সেই মালিঙ্গার চোটের কারণে আবার শ্রীলংকার টি২০ দলের দায়িত্ব পাচ্ছেন চান্ডিমাল। তিনি ৭ জানুয়ারী থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন।
উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা এবং পেসার সুরঙ্গা লাকমলকেও রাখা হয়েছে টি২০ দলে। দু’জনই খেলছেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হাঁটুর চোটে পড়েন মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নির্বাচকরা তাকে প্রথম দুই ম্যাচে না পেলেও পরের ম্যাচগুলোতে পাওয়ার আশা করেছিলেন। কিন্তু মালিঙ্গা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ তো বটেই, টি২০ সিরিজেও খেলা হচ্ছে না।
মালিঙ্গার অনুপস্থিতিতে একেবারে অনভিজ্ঞ এক দল নিয়ে নামতে হবে চান্ডিমালকে। প্রথম টেস্টের আগেই পিঠের চোট নিয়ে দেশে ফিরে গেছেন ধামিকা প্রসাদ। অন্যদিকে ডোপ টেস্টে ধরা পড়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে হেরে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে শ্রীলংকা। এরআগে দুই টেস্টের সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। টি২০ সিরিজেও যে চান্ডিমালদের পরীক্ষা নেবে ব্রেন্ডন ম্যাককালামের দল সেটা না বললেও চলে।

