স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। বাংলাদেশে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ১১তম আসর। আর মাত্র সপ্তাহ তিনেকের মতো সময় বাকী আছে। ১৯ দিনের এই টুর্নামেন্টে রয়েছে ৪৮টি ম্যাচ।যুব বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মাহবুব আনাম।
যুব বিশ্বকাপের খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ভেন্যুতে।এ আসরে অংশ নেবে ১৬টি দল। যুবাদের এই বৃহৎ ক্রিকেটযজ্ঞ আয়োজন সফল করতে চলছে স্বাগতিক দেশের প্রস্তুতি।
যুব বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম বলেছেন, ‘আপনারা জানেন যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। যেহেতু ১৬টি দলের খেলা ও একই দিনে প্রায় চারটি করে ম্যাচও থাকবে সে জন্য লজিস্টিক সাপোর্ট অন্যান্য ইভেন্টের চেয়ে অনেক বেশি লাগবে। সে জন্য আমরা এ কাজটি প্রায় দেড় বছর আগেই শুরু করেছি। প্রতিটি ভেন্যুতে বাড়তি উইকেট তৈরী করেছি। সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারে প্রচুর খেলা হবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ভালো মাঠে পরিকল্পিতভাবে ম্যাচ আয়োজনের লক্ষ্যে এই বিশ্বকাপে প্রস্তুতি নিয়েছি।’
যুব বিশ্বকাপ নিয়ে আইসিসি ও সহযোগী সদস্য দেশগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম। এ জন্য অংশগ্রহণকারী দেশগুলোর সুযোগ-সুবিধাও বাড়ানো হচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রতি আইসিসির পাশাপাশি অন্যান্য দেশগুলোও মনযোগী হচ্ছে। অতীতে যে বিশ্বকাপগুলো করেছিলাম তার জন্য যে আনুষাঙ্গিক বিষয় ছিল এবার তার চেয়েও আয়োজন উন্নত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার স্বীকৃত ভেন্যুতেই ম্যাচগুলো দিয়েছি। তার সাথে সাথে প্রেয়ারদের আবাসনও উন্নত করা হয়েছে। অতীতে আমরা হোটেল যেটা ব্যবহার করেছিলাম সে অবস্থান থেকে সরে এসেছি। আমরা ফাইভস্টারে তাদের রাখবো।’
তিনি আরো যোগ করেন, ‘সব মিলিয়ে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা একটি ভালো টুর্নামেন্ট দেখার অপেক্ষা করছি।’

