স্পোর্টস ডেস্ক : প্রাথমিকভাবে আবেদন খারিজ হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। তবে পরে স্পেনের ক্রীড়া আদালতে আপিল করে রিয়াল মাদ্রিদ। আশা ছিল কিছু একটা হবে। কিন্তু না, আগের রায়ের পক্ষেই হেঁটেছে আদালত। কোপা দেল রে টুর্নামেন্টে চলতি মৌসুমে নিষিদ্ধই থাকছে রিয়াল মাদ্রিদ। সোমবার রিয়ালের করা আপিল খারিজ করে দেয়া হয়েছে।
গত দুই ডিসেম্বর আগের মৌসুমে এক ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়া ডেনিস চেরিশেভকে রিয়াল মাদ্রিদ মাঠে নামায় কোপা দেল রে’র ম্যাচে। তৃতীয় মিনিটে গোলও করেন এই রাশিয়ান উইঙ্গার। রিয়াল ম্যাচটি জেতে ৩-১ গোলে। কিন্তু খেলারই অনুমতি ছিল না চেরিশভের। ফলে শাস্তি হিসেবে কোপা থেকে বাদ দেওয়া হয় রিয়ালকে।
গত ১১ ডিসেম্বর প্রাথমিকভাবে ক্লাবটির আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর সোমবার (২৮ ডিসেম্বর) চূড়ান্ত ঘোষণাও জানিয়ে দেওয়া হয়েছে, স্প্যানিশ শৃঙ্খলা কমিটি (টিএডি) রিয়ালের আপিল খারিজ করে দিয়েছে।
ফলে চলতি মৌসুমে কোপা দেল রে টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ এখন দর্শকের ভূমিকায়। অথচ এই টুর্নামেন্টেটা আসলে জমে মূলত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য। সেখানে রিয়াল না থাকায় শিরোপা জেতার জন্য রাস্তাটা বেশ সহজ হয়ে গেল বার্সেলোনার।
রিয়ালের ভুলে লাভ হয়েছে স্পেনের তৃতীয় বিভাগের দল কাদিজেরও। তারা উঠে গেছে টুর্নামেন্টের শেষ ষোলোতে। সেখানে তাদের প্রতিপক্ষ সেল্টা ডি ভিগো।

