স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে আর্সেনাল। যদিও ২৪ ঘণ্টার ব্যবধানে শীর্ষস্থানটা হারানোর শঙ্কা রয়েছে। সোমবার রাতে ওয়েস্ট বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এতে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা নেয় দ্য গানার্সরা। এক ম্যাচ কম খেলা লিচেস্টার সিটির পয়েন্ট ৩৮। তাই মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটির সঙ্গে লিচেস্টার জয় পেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে।
অপরদিকে হারে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে চলে গেছে বোর্নমাউথ। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও আরো দুই ধাপ সামনে যেতে পারতো। তাছাড়া বোর্নমাউথত টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর হারতে হল বোর্নমাউথকে।
আর্সেনালের হয়ে গোলের সূচনা করেন গ্যাব্রিয়েল ওলেস্তা। ২৭ মিনিটে তিনি গোলটি করেন। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান আর্সেনালে যোগ দিয়েছেন চলতি বছরই। মূলত খেলেন ডিফেন্ডার হিসেবে। এটি ইংলিশ ফুটবলে ব্রাজিলিয়ানের প্রথম গোল। ব্যক্তিগত চতুর্দশ ম্যাচে এসে গোলের দেখা পেলেন তিনি। মেসুত ওজিলের কর্নার কিক থেকে হেডের সাহায্যে গোলটি করেন তিনি।
প্রথম গোলে সহায়তা করলেও ব্যবধান দ্বিগুণ করেন ওজিল নিজে গোল করেই। ওলিভার জিরাউডের সহায়তায় গোলটি করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পরও বোর্নমাউথ চেষ্টা করেছে ব্যবধান কমাতে। কিন্তু সেই চেষ্টায় ফল আসেনি। তাই শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।
ওজিল যে শুধু এই ম্যাচে এক গোল করে অন্যটিতে সহায়তা করেছেন, তা নয়। প্রতিপক্ষের অর্ধে ৫০টি পাস দিয়েছেন। এর মধ্য ক্রসই রয়েছে ১১টি। তাই ম্যাচ শেষে আর্সেন ওয়েঙ্গারও প্রশংসায় ভাসালেন শিষ্যকে। তিনি বলেন, ‘আমি অনেকবারই দেখেছি সে ম্যাচে ভিন্নমাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। সে ভাল খেলেছে, গোল করেছে। যা করেছে তাতে পুরোপুরি সেনসেশনাল ফুটবলারে পরিণত হয়েছে। আমি তার পারফরম্যান্সে অত্যন্ত খুশি। এখন সে ইউরোপের সেরা ফুটবলারদের একজন।’

