স্পোর্টস ডেস্ক : ডারবানের কিংসমিড প্রোটিয়াদের কাছে হাতের তালুর মতো চেনা। অথচ সেখানেই কি-না তাদের ব্যাটসম্যানদের ধুঁকতে হলো। অন্তত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের দিকে তাকালে তাই মনে হবে। একপ্রান্ত আগলে রেখে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে ডিন এলগার একাই লড়ে গেছেন। অন্য কারও সমর্থন না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছে ২১৪ রানে। ৮৯ রানে এগিয়ে থেকে ইংল্যান্ড তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭২ রান। সবমিলে ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২৬১ রানে।
ভারত সফরে দক্ষিণ আফ্রিকার জঘণ্য হারের জন্য দায়ী করা হয়েছিল পিচকে। কিন্তু কিংসমিডে ঘরের মাঠেও যে তারা ভারতের ভূতই টেনে আনছে! তৃতীয় দিন শেষে ডারবান টেস্টের যা অবস্থা তাতে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্যই দিতে যাচ্ছে ইংল্যান্ড। সেই পথে নেতৃত্ব দিতে পারেন জো রুট। তিনি যে এখনও অপরাজিত রয়েছেন ৬০ রানে। ১০৬ বলে খেলা রুট এই ইনিংসটি সাজিয়েছেন চার বাউন্ডারী আর এক ছয়ে। তার সঙ্গী জেমস টেলরের সংগ্রহ ২৪*। এরআগে ফিরে গেছেন অ্যালিষ্টার কুক (৭), অ্যালেক্স হেলস (২৬) এবং নিক কম্পটন। ডেন পিডেট ৬৫ রানে তুলে নিয়েছেন ২ উইকেট।
এরআগে দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দুই অপরাজিত ব্যাটসম্যান এলগার ও টেম্বা বাভুমা। ইনিংসের দ্বিতীয় বলেই বাভুমাকে (১০) ফিরিয়ে বড়সড় ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। এরপর দলীয় ১৫০ রানে জেপি ডুমিনি (২) আউট হলে নিঃসঙ্গ শেরপারের মতো একাই লড়াই চালিয়ে যান এলগার। কিন্তু লেজের ব্যাটসম্যানদের কেউই তাকে সেভাবে সমর্থন জোগাতে পারেননি। সতীর্থদের যাওয়া-আসার মাঝেও এলগার মহামুল্যবান ১১৮* রানের ইনিংস খেলেছেন। আট চারের পাশে তিনি ছয় মেরেছেন একটি। ব্রড ২৫ এবং মঈন আলী ৬৯ রানে প্রত্যেকে পেয়েছেন ৪টি করে উইকেট। ৪৯ রানে ২ উইকেট নিয়েছেন স্টিভেন ফিন।

