স্পোর্টস ডেস্ক : কত কথাই না হচ্ছে তাকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসি কি ছাড়বেন বার্সেলোনা? এমন প্রশ্নে মেসি বা বার্সা কর্তৃপক্ষ কোন সবুজ সংকেত না দিলেও আলোচনা থেমে নেই। বরং মেসির ভবিষ্যত গন্তব্য নিয়ে বিভিন্ন মিডিয়ার দর-দাম কিন্তু চলছেই।
স্প্যানিশ পত্রিকা স্পোর্ট রিপোর্ট করেছে, মেসিকে পেতে মোটা অংকের প্রস্তাব দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বার্সেলোনায় বার্ষিক যে অর্থ পান মেসি, সেই প্রস্তাব নাকি তার চেয়েও অনেক বেশী। বলা চলা মেসির জন্য লোভনীয়।
স্প্যানিশ মিডিয়া বলেছে, ম্যানচেস্টার সিটি মেসিকে বাৎসরিক পারিশ্রমিক হিসেবে ২৭ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে। বার্সেলোনায় সেই হিসাবে মেসি পেয়ে থাকেন ২০ মিলিয়ন ইউরো। অর্থাৎ বার্সায় মেসি এখন যা পান, তার চেয়েও সাত মিলিয়ন বেশী ইউরোর প্রস্তাব দিয়েছে সিটি।
বাংলাদেশি টাকার হিসেবে নতুন প্রস্তাব অনুযায়ী মেসির পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ২৩৩ কোটি ৫৫ লাখ টাকা। বার্সা থেকে এখন বাৎসরিক যে টাকা পান তার পরিমাণ ১৭৩ কোটি। অর্থাৎ বার্সার চেয়েও ৬০ কোটি টাকা বেশি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে মেসিকে সিটির পক্ষ থেকে।
কিন্তু আসল কথা হলো, এই প্রস্তাব সম্পর্কে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি ম্যানসিটি। বার্সা বা মেসির পক্ষ থেকেও এমন প্রস্তাব প্রসঙ্গে কোন মন্তব্য করা হয়নি। তবে এমন খবরে কিছুটা তাল মিলিয়েছে গোলডটকম। তারা বলেছে, আগামী মৌসুমে মেসির প্রাপ্ত অর্থের চুক্তি হয়তো নবায়ন করবে না বার্সা। সে ক্ষেত্রে মেসি পাবেন আগের মতো ২০ মিলিয়ন ইউরো করেই। এরই মধ্যে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলাকেও পেতে জোরতোর শুরু করেছে ম্যানসিটি। গার্দিওলা আসলে মেসির আসাটাও অনেক সহজ হবে বলেই ভাবছে ফুটবলের বিখ্যাত ঐ ওয়েবসাইটটি।

