বিনোদন ডেস্ক : আগেই ঘোষণা দিয়ে ছিলেন ক্যান্সার আক্রান্ত ছেলে রোহান শ্রেষ্ঠ’কে নিয়ে যে জীবনযুদ্ধ তিনি করেছেন, সেসব বিষয় নিয়ে বই লিখবেন বাবা ইমরান হাশমি। এরইমধ্যে বই প্রকাশের ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি। আর বইয়ের জন্য সেই পুত্রকে নিয়ে ফটোশ্যুটে মেতে উঠতে দেখা গেল ইমরান হাশমিকে।
জানা গেছে, নয় বছর হল ৩৬ বছর বয়সী ইমরান হাশমি বিয়ে করেছেন পারভীন শাহানিকে।এরইমধ্যে তাদের পাঁচ বছরের একটি ছেলেও আছে। কিন্তু গত দুই বছর ধরে একমাত্র ছেলেটি ক্যান্সার আক্রান্ত। একজন বাবার কাছে জীবনের এই সময়টা খুবই দুর্বিষহ। ইমরান হাশমিও বাবা হিসেবে এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, দুই বছর ধরে ছেলেকে নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে স্ট্রাগল করে গেছেন। আর এই সময়টাকেই লিখিত আকারে বইয়ের মাধ্যেমে তার ভক্ত অনুরাগীদের জানাতে চান হাশমি। এরইমধ্যে আসছে বছরের এপ্রিলে বই প্রকাশের তারিখও ঘোষণা করেছেন তিনি।
আর এই বইয়ের প্রয়োজনেই ছেলে রোহানকে নিয়ে নিজের বাড়িতে সম্প্রতি ফটোশ্যুটে মেতে উঠতে দেখা গেল ‘জান্নাত’ খ্যাত এই অভিনেতাকে।
এর আগে ইমরান হাশমির বইটি আসছে বছরের এপ্রিলে প্রকাশের খবরটি আরো সুনিশ্চিত করেছে বিশ্বখ্যাত ‘পেঙ্গুইন’ প্রকাশনী।
উল্লেখ্য, বর্তমান সময়ে ইমরান হাশমি ব্যস্ত আছেন তার পরবর্তী ছবি ‘আজহার’ নিয়ে। ছবিটি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং বিতর্কিত অধিনায়ক আজহার উদ্দিনের আত্মজীবনী। ছবিতে খেলা ছাড়াও আজহার উদ্দিনের ব্যক্তি সম্পর্ক, প্রেম ও সফলতার গল্প উঠে আসবে বলে জানা গেছে। ছবিটি নির্মাণ করছেন টনি ডি’সুজা। আর এই ছবিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করবেন লারা দত্ত ও প্রাচী দেশাই। ২০১৬ সালের ১৩ জুলাই ছবিটি মুক্তির কথা রয়েছে।

