স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন টেস্টে রোববারই জয়ের প্রহর গুণতে পারতো অস্ট্রেলিয়া। মাত্র ৯১ রানে ছয় উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনটা দ্রুতই গুড়িয়ে যাবে আশাটা ছিল স্বাগতিকদের। সেখানে কি একটা প্রতিরোধই না গড়ে তুললেন ড্যারেন ব্রাভে। করেছেন ৮১ রান। সেটিও ছাপিয়ে গেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ঘণ্টাব্যাপী উইকেটে টিকে থেকে। সেই সুবাদে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ২৭১ রান।
অস্ট্রেলিয়া তিন উইকেটে ৫৫১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। তাই ওয়েস্ট ইন্ডিজ ২৭১ রান করা সত্ত্বেও ফলোঅনের ফাঁদে পড়ে। তবে ফলোঅনের সেই সুযোগ গ্রহণ করেননি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে তার দল। সোমবার তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিসে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে তিন উইকেটে ১৭৯ রান। সাত উইকেট হাতে রেখে তাই অসিদের লিড এখন ৪৫৯ রান।
রোববার দ্বিতীয় দিনশেষে অপরাজিত থাকা ড্যারেন ব্রাভো ও ক্রেইগ ব্র্যাথওয়েট। সপ্তম উইকেটে এই জুটিতে আসে ৯০ রান। পরে ব্র্যাথওয়েট ৫৯ রান করে আউট হয়ে যান। তবে ব্রাভো নিজের যাত্রা অব্যাহত রাখেন। কেমার রোচ, জেরোমে টেলর ও জোমেল ওয়ারিকানকে নিয়ে ছোট ছোট তিন জুটি গড়ে সামনে এগিয়ে নেন দলের রানকে। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন ব্রাভো আউট হন তখন ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ২৭১ রান।
যদিও ২৮০ রানের লিড থাকায় ফলোঅনের সুযোগ নিতে পারতো অস্ট্রেলিয়া। তা না নিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় রেখে দলকে ব্যাটিংয়ে নামান অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে বোলিংও তুলনামূলক ভালো করে ক্যারিবীয়রা। ১২৩ রানের মধ্যে তিন অসি ব্যাটসম্যানকে তারা সাজঘরে ফেরত পাঠান তারা। দিনশেষে স্মিথ ৭০ রানে অপরাজিত রয়েছেন। আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা ৫৬ রান করে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের মধ্যে জেসন হোল্ডার দুটি ও ক্রেইগ ব্র্যাথওয়েট একটি উইকেট নেন।

